প্রিন্ট এর তারিখঃ Jul 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 20, 2026 ইং
বান্দরবানের লামায় বন্যায় প্রায় ২ হাজার কৃষকের লোকসান, ৯৫৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত

মোঃ আমির হোসাইন ছাদেকী, জেলা প্রতিনিধি (বান্দরবান):
বান্দরবানের লামায় আকস্মিক বন্যায় প্রায় ২ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে উপজেলার মোট ৯৫ হেক্টর ফসলি জমি দুর্যোগের কবলে পড়েছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এর মধ্যে ৬০ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ এবং ৮৩২ হেক্টর জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সমতল এলাকার মোট ৪,৩৭৪ হেক্টর ফসলি জমির মধ্যে ৫৪৭ হেক্টর জমি বন্যাকবলিত হয়। এর মধ্যে সমতলের ৩২ হেক্টর আমন বীজতলার মধ্যে ২০ হেক্টর প্লাবিত হয়। এতে ৫ হেক্টর সম্পূর্ণ এবং ৮.৪০ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৩৯০ জন।
এছাড়া ২,০৪৬ হেক্টর আউশ জমির মধ্যে ১৬৭ হেক্টর আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২ হেক্টর সম্পূর্ণ এবং ৪১.৭৫ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৯৮ জন।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গ্রীষ্মকালীন সবজির। ১,৩৩৬ হেক্টর জমির মধ্যে ২৩৪ হেক্টর আক্রান্ত হয়। এর মধ্যে ৪৭ হেক্টর সবজি জমি সম্পূর্ণ এবং ৫৮.৫০ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ১,২৩০ জন সবজি চাষি চরম লোকসানে পড়েছেন।
এছাড়া সমতলের ১২১ হেক্টর ফলবাগান ও ৫ হেক্টর অন্যান্য ফসলি জমি বন্যার পানিতে নিমজ্জিত হয়ে আংশিক ক্ষতির মুখে পড়েছে।
অন্যদিকে পাহাড়ি ও জুম চাষের ক্ষেত্রে মোট ১২,২৯৩ হেক্টর ফসলি জমির মধ্যে ৪০৮ হেক্টর জমি দুর্যোগে আক্রান্ত হয়েছে। তবে পাহাড়ি এলাকায় কোনো জমি সম্পূর্ণ বিনষ্ট না হলেও ১.৭৫ হেক্টর জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
জুমের ৩০০ হেক্টর আক্রান্ত জমির মধ্যে ২.৫০ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩০ হেক্টর আদা ও ২৮ হেক্টর হলুদের জমি আক্রান্ত হয়ে যথাক্রমে ১.৮৫ হেক্টর ও ২.৪০ হেক্টর জমি আংশিক ক্ষতির শিকার হয়েছে। ৫০ হেক্টর পাহাড়ি ফলবাগানের মধ্যে ৫ হেক্টর বাগান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
লামা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছা: শাকিলা আক্তার জানান, আকস্মিক বন্যায় কৃষকদের এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪