প্রিন্ট এর তারিখঃ Jul 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 15, 2026 ইং
নওগাঁয় হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার:ফেসবুক পেজ ও ইমোতে ফাঁদ পেতে নগ্ন ছবি-ভিডিও ধারণ করে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ভয়ংকর ফাঁদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ মোঃ রাফি হোসেন
নওগাঁর পত্নীতলায় ফেসবুক পেজ ও ইমো অ্যাপ ব্যবহার করে তরুণদের হানিট্র্যাপে ফেলে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী একটি সংঘবদ্ধ চক্রের দুই তরুণীসহ চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে একই কৌশলে প্রতারণা ও চাঁদাবাজি চালিয়ে আসছিল।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ১৪ এপ্রিল রাতে পত্নীতলা থানার বিশেষ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় হানিট্র্যাপের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
তদন্তে পুলিশ জানতে পারে, চক্রটি প্রথমে ফেসবুক পেজ ও ইমো অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয় গড়ে তুলত। পরে কৌশলে তাদের নির্দিষ্ট বাসায় ডেকে নিয়ে জিম্মি করে মারধর করা হতো। একপর্যায়ে ভিকটিমদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো।
গ্রেফতারকৃতরা হলেন— মাহফুজুর রহমান বাঁধন (২৬), মো. মমিনুর ইসলাম (২২), মোছা. রুমা খাতুন (২০) এবং মোছা. সাদিয়া আক্তার মায়া (১৯)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হানিট্র্যাপের মাধ্যমে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে একই ধরনের অপরাধ সংঘটিত করে আসছিল বলে জানিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, **"এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির প্রলোভনে সাড়া না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।"**
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং ব্যক্তিগত সাক্ষাতে যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ থানায় বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪