প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 17, 2026 ইং
প্রশাসন নয় মাদক নির্মূলে দরকার সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা

প্রশাসন নয়, মাদক নির্মূলে দরকার সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা
মোঃ রাসেল মিয়া
[উপজেলা প্রতিনিধি টাঙ্গাইল]
মাদক নির্মূল শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মনে করছেন সচেতন মহল। তাদের মতে, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে এ সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
স্থানীয়দের ধারণা, প্রতিটি এলাকায় মাদকবিরোধী কমিটি গঠন করা হলে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। এ ধরনের কমিটিতে ইয়ং জেনারেশন, সমাজের মুরুব্বী এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে তিন স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেতে পারে।
সংশ্লিষ্টদের মতে, যেসব ব্যক্তি মাদক ব্যবসা বা মাদক সেবনের সঙ্গে জড়িত, তাদের প্রথমে সতর্কতামূলক নোটিশ ও কাউন্সেলিংয়ের মাধ্যমে সচেতন করার উদ্যোগ নেওয়া যেতে পারে। এরপরও যদি তারা সংশোধন না হন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কঠোর অবস্থান নেওয়া উচিত।
সচেতন নাগরিকরা মনে করেন, পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪