প্রিন্ট এর তারিখঃ May 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 10, 2026 ইং
আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে।
রোববার (১০ মে) সকালে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের নবী হোসেন মেম্বারের বাড়িতে অবস্থিত শ্বশুরবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হালিমা আক্তার মুন্নি উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চন মুন্সির বাড়ির মো. ইসহাকের মেয়ে। তাঁর এক বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৫ অক্টোবর পারিবারিকভাবে হালিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসাও করা হয়। তবে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই হালিমার ওপর নির্যাতন চালাত বলে অভিযোগ পরিবারের। একপর্যায়ে নির্যাতনের কারণে তিনি স্বামীর বাড়ি ছেড়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন আগে শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে হালিমা আবার শ্বশুরবাড়িতে যান। শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। ভোররাতে নিহতের স্বামী মোহাম্মদ মিজানুর রহমান মোবাইল ফোনে হালিমার পরিবারকে জানান, তিনি আত্মহত্যা করেছেন। পরে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা মো. ইসহাক বলেন, “ঘটনাস্থলে গিয়ে দেখি, গলায় রশি থাকলেও তার পা মাটির সঙ্গে লাগানো ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল। আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪