প্রিন্ট এর তারিখঃ Apr 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
বকশীগঞ্জে পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর): আলীমজনু বাবু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে একটি পুকুর থেকে বোমা সদৃশ মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ কামালপুর গ্রামের সাদা মিয়ার পুকুর থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। বর্তমানে সেটি পুকুরের পাশেই পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে এক নারী পুকুরপাড়ে ছাগল চরাতে গিয়ে বস্তুটিকে প্রথম দেখতে পান। তিনি সেটিকে লোহার টুকরো ভেবে কুড়িয়ে নিতে গেলে স্থানীয়দের নজরে আসে। পরে বিষয়টি নিয়ে কৌতূহল সৃষ্টি হলে এলাকাবাসী থানায় খবর দেয়।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি উদ্ধার করে নিরাপত্তা বেষ্টনীতে রাখে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহারের জন্য মর্টারশেলটি সেখানে আনা হয়েছিল, তবে কোনো কারণে তা অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪