প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 18, 2026 ইং
পোরশায় মাদকবিরোধী অভিযানে আটক ৪ উদ্ধার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল

পোরশায় মাদকবিরোধী অভিযানে আটক ৪ উদ্ধার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল
দেবাশিষ কুমার দাস,
জেলা প্রতিনিধি, নওগাঁ,
নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার কালাইবাড়ী এলাকায় আকিম উদ্দিনের মিষ্টির দোকানের সামনে অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাপাহার উপজেলার আলাদীপুর দক্ষিণপাড়ার মজিবুর রহমানের ছেলে তরিকুল ইসলাম তারেক (২৫) কে আটক করা হয়।
একই রাতে ঘাটনগর ইউনিয়নের নোচনাহার এলাকায় মইনুল ইসলামের আমবাগান থেকে আরও একটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং রেজিস্ট্রেশনবিহীন ১১০ সিসি ও ১২৫ সিসির দুটি ডিসকভার বাজাজ মোটরসাইকেলসহ সোমনগর ধামাপুর এলাকার ফাগু লাকড়ার ছেলে দিলিপ বাবু (১৯), আইনুলের ছেলে রাশেদুল ইসলাম (২২), কাজিপাড়া গ্রামের নুর ছালামের ছেলে নুরুজ্জামান (৩৬) এবং তেলিপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আঃ রইচ (২৬) কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। তার নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও শাহাব উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। অভিযানে মোট ২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আটক আসামিদের শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে এবং মাদকবিরোধী এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪